ভোলার লালমোহন বসত ঘর থেকে বিষাক্ত রাসেল ভাইপার সাপ উ-দ্ধার | Daily AjKaler Kontho

ভোলার লালমোহন বসত ঘর থেকে বিষাক্ত রাসেল ভাইপার সাপ উ-দ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২০, ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
ভোলার লালমোহন বসত ঘর থেকে বিষাক্ত রাসেল ভাইপার সাপ উ-দ্ধার

ভোলা জেলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় দেখা মিলেছে বিষাক্ত রাসেল ভাইপার সাপের। রোববার (১৬ জুন) উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকার হেমায়েত মাওলানা বাড়ির সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তির বাথরুমে সাপটির দেখা মিলে। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আতঙ্কিত হয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন লোকজন।

সাখাওয়াত হোসেন জানান, বিভিন্ন সময় ফেসবুকে রাসেল ভাইপার সাপ দেখেছি। এবার বাস্তবে নিজ ঘরেই রাসেল ভাইপার সাপের দেখা মিললো। বাথরুমে গিয়ে দেখি সাপটি গোল হয়ে বসে রয়েছে। এই দৃশ্য দেখে আমি আতঙ্কিত হয়ে পড়ি। পরে আমার এক ভাইকে ডেকে এনে সাপটিকে পিটিয়ে মেরে ফেলি। পরে সাপটির ছবি তুলে রাখি। রাসেল ভাইপার সাপটি লম্বায় প্রায় আড়াই হাতের মতো।

জানা গেছে, বাংলাদেশে বর্তমানে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বিষাক্ত। এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি, ক্রমাগত রক্তপাত, রক্ত জমাট বাঁধা, স্নায়ু বৈকল্য, চোখ ভারি হয়ে যাওয়া, পক্ষাঘাত, কিডনির ক্ষতিসহ বিভিন্ন ধরনের শারীরিক উপসর্গ দেখা দেয়। এছাড়াও দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডেও রাসেল ভাইপার সাপ দেখা যায়। এনিয়ে জনমতে ব্যাপক আতংকের সৃষ্টি হয়।

এ বিষয়ে ভোলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেওয়ার কারণে হয়তো ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া কেউ এসব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ রইলো।