তিতাসে ঐতিহ্যবাহী ৩৫০ বছরের গাজীপুরের মেলা জমে উঠেছে | Daily AjKaler Kontho

তিতাসে ঐতিহ্যবাহী ৩৫০ বছরের গাজীপুরের মেলা জমে উঠেছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ৩:৩৫ অপরাহ্ন
তিতাসে ঐতিহ্যবাহী ৩৫০ বছরের গাজীপুরের মেলা জমে উঠেছে

তিতাস উপজেলা প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলার ৩৫০ বছরের ঐতিহ্যবাহী গাজীপুরের মেলা জমে উঠেছে। আধ্যাত্মিক সাধক হযরত পীর শাহবাজ (রহ.) এর ওরশ উপলক্ষে গত শনিবার থেকে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

বিভিন্ন ধরনের দেশি তৈজসপত্রের পাশাপাশি খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। নানা শ্রেণি-পেশার মানুষ মেলায় আসছেন প্রিয়জনকে নিয়ে। তারা বাহারি খেলনা, প্রসাধনী, কাঠের আসবাবপত্র, বাঁশ ও বেতের সামগ্রী, জিলেপি, চুড়ি-গহনাসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। এছাড়াও মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে সার্কাস, নাগরদোলা। ফলে মেলা ঘিরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে পুরো উপজেলায়।

খোঁজ নিয়ে জানা গেছে, বঙ্গদেশে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহজালাল (রহ.) এর সফরসঙ্গী হিসেবে যে ৩৬০ আউলিয়া এসেছিলেন তাদের একজন হলেন হযরত পীর শাহবাজ (রহ.)। ধর্মপ্রচারের পাশাপাশি আত্মশুদ্ধির জ্ঞানদানে হযরত পীর শাহবাজ (রহ.) কুমিল্লা তিতাস উপজেলার গাজীপুরে বসবাস করতে শুরু করেন। সেখানেই তিনি জিন্দা গায়েব হন। গায়েব হওয়ার পর সেখানে গড়ে ওঠে তার মাজার। এছাড়াও কথিত আছে তার মাজার শরীফে কয়েকবার বাঘের আবির্ভাব ঘটেছিলো। বাঘের সঙ্গে তার ছিলো পরম বন্ধুত্ব।

প্রতিবছর ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি হযরত পীর শাহবাজ (রহ.) মাজার প্রাঙ্গণে বাৎসরিক ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মুরিদ ও ভক্তরা এখানে জড়ো হন ঐতিহ্যবাহী পুরোনো এ মেলায় ঢল নামে লাখো মানুষের।