
আজকালের কন্ঠ ডেস্ক : দিনাজপুরের হিলিতে ইউনাইটেড রাইস মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। লকার ভেঙে প্রায় ৪ লাখ টাকা লুট করে ডাকাত দল। এ সময় ১০ থেকে ১২ জন ডাকাতরা মিল ম্যানেজার, নাইটগার্ড ও হিসাবরক্ষকের হাত-পা ও মুখ বেধে মারধর করে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার মধ্য-বাসুদেবপুর এলাকায় ওই রাইস মিলে এ ডাকাতির ঘটনা ঘটে।
মিলের ম্যানেজার শুকুমার কুমার বলেন, আমিসহ কয়েকজন মিলের অফিস কক্ষে শুয়ে ছিলাম। ভোর আনুমানিক ৩ টার দিকে কিছু লোক এসে দরজা খুলতে বলে। আমি দরজা না খোলায় তারা দরজা ভেঙ্গে অফিসের ভেতরে ঢুকে প্রথমে আমাকে লকারের চাবি দিতে বলে। আমি চাবি না দেওয়ায় তারা আমাদের মারধর করে। পরে আমাদের হাত-পা বেধে রেখে লকার ভেঙ্গে নগদ ৪ লাখ টাকা, সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে চলে যায়।
এ বিষয়ে হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন বলেন, ডাকাতির ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত কাজ চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :