
আজকালের কন্ঠ ডেস্ক : নিখোজের পাঁচদিন পরে বাগেরহাটের খানজাহান (রহঃ) এর মাজার সংলগ্ন খাঞ্জেলী দীঘি থেকে ভাসমান অবস্থায় প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা (৪৫) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের খবরের ভিত্তিতে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে দীঘির পূর্ব পাড় দিয়ে এই মরদেহ উদ্ধার করা হয়।মরদেহের শরীরে থাকা সোয়েটার, জামা ও লুঙ্গি দেখে পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় শনাক্ত করেছে বলে জানিয়েছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম।
উদ্ধার হওয়া মরদেহ প্রহলাদ কুমার দাস ওরফে ভোলা কচুয়া উপজেলার সাংদিয়া গ্রামের পরিতোষ কুমার দাসের ছেলে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে বাড়ি থেকে ভ্যান চালানোর উদ্দেশে বের হয়ে আর ফেরেনি তিনি। পরে শুক্রবার (১ ডিসেম্বর) রাতে কচুয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন স্ত্রী দিপিতা রানী দাস।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মটদেহটি উদ্ধার করেছি। মরদেহের বেশির ভাগ অংশ পচে গেছে। ধারণা করা হচ্ছে ৫-৬দিন আগে মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
আপনার মতামত লিখুন :