টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে মাহাবুব আলম মহিন (৪২) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আছিমতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে।
মাহাবুব আলম মহিন মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ার মিনহাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, মাহাবুব প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত অটোরিকশা চালাতেন। প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায় তিনি অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়েনে। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পায়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তার গলায় স্কচটেপ পেচানো ছিল এবং মুখ দিয়ে রক্ত পড়ছিল। তাকে হত্যা করে অটোরিকশাটি দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আজকালের কন্ঠ /আর
আপনার মতামত লিখুন :