নেত্রকোনায় বুকিংয়ের ১১ দিন পরও পণ্য নেই, এজেআর কুরিয়ারের বিরুদ্ধে মানববন্ধন | Daily AjKaler Kontho

নেত্রকোনায় বুকিংয়ের ১১ দিন পরও পণ্য নেই, এজেআর কুরিয়ারের বিরুদ্ধে মানববন্ধন


সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
নেত্রকোনায় বুকিংয়ের ১১ দিন পরও পণ্য নেই, এজেআর কুরিয়ারের বিরুদ্ধে মানববন্ধন

বুকিংয়ের ১১ দিন পরও পণ্য হাতে না পাওয়ায় নেত্রকোনায় এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে মানববন্ধন করেছেন গ্রাহক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সোমবার দুপুরে শহরে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক সংগ্রাম অধিকার পরিষদ, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিযোগ করা হয়, রাকিব মেশিনারিজের মালিক হারুনূর রশীদ ঢাকার নবাবপুর থেকে ১০টি সৌর প্যানেল কিনে গত ১২ নভেম্বর এজেআর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেত্রকোনায় পাঠানোর জন্য বুকিং দেন। যার চালান নম্বর ১৭১৭৭৪৭।

কিন্তু বুকিংয়ের ১১ দিন পেরিয়ে গেলেও সোমবার পর্যন্ত সৌর প্যানেলগুলো গ্রাহকের হাতে পৌঁছেনি। এতে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেন হারুনূর রশীদ।

মানববন্ধন থেকে দ্রুত পণ্য সরবরাহ, গ্রাহক হয়রানির প্রতিকার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন হারুনূর রশীদ, বাচ্চু হাজী, মুশফিকুর রহমান সোহেল, এনায়েত উল্লাহ মিল্লু ও দেলোয়ার ইসলাম দিলু।

আজকালের কন্ঠ/আর বি