প্রথম ধাপেই নওগাঁর আত্রাই-রাণীনগরে ইউপি নির্বাচন, নতুন নেতৃত্বের প্রত্যাশায় ভোটাররা | Daily AjKaler Kontho

প্রথম ধাপেই নওগাঁর আত্রাই-রাণীনগরে ইউপি নির্বাচন, নতুন নেতৃত্বের প্রত্যাশায় ভোটাররা


রায়হানুল হক রায়হান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
প্রথম ধাপেই নওগাঁর আত্রাই-রাণীনগরে ইউপি নির্বাচন, নতুন নেতৃত্বের প্রত্যাশায় ভোটাররা

নির্বাচন কমিশনের (ইসি) প্রকাশিত ধাপভিত্তিক তালিকা অনুযায়ী, ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলায়। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ খবরে দুই উপজেলার সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচনী আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপভিত্তিক তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই তালিকায় দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদকে পাঁচটি ধাপে নির্বাচনের আওতায় আনার পরিকল্পনার কথা জানানো হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি ২০২৭। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুসারে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নিজ নিজ এলাকার নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হবে।

এদিকে রাণীনগর ও আত্রাই উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে নির্বাচনী তৎপরতার আভাস পাওয়া যাচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও কেমন নেতৃত্ব চান, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রাণীনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে তারা সৎ, শিক্ষিত, ন্যায়পরায়ণ ও জনবান্ধব ব্যক্তিদের চেয়ারম্যান ও সদস্য হিসেবে দেখতে চান। দীর্ঘদিন ধরে একই ব্যক্তিদের বিভিন্ন পদে থাকার পরিবর্তে নতুন, যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্বের হাতে স্থানীয় সরকারের দায়িত্ব তুলে দেওয়ার প্রত্যাশা তাদের।

ভোটারদের মতে, জনপ্রতিনিধি হওয়ার প্রধান যোগ্যতা কেবল অর্থবিত্ত, রাজনৈতিক পরিচিতি কিংবা ক্ষমতার প্রভাব নয়; বরং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, জনগণের কথা মনোযোগ দিয়ে শোনা এবং বিপদে-আপদে তাদের ডাকে সাড়া দেওয়ার মানসিকতাই হওয়া উচিত একজন জনপ্রতিনিধির প্রকৃত পরিচয়। যাদের মধ্যে আত্মঅহংকার নেই, যারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী, তারাই জনগণের প্রকৃত সেবক হতে পারেন।

তাদের প্রত্যাশা, এবারের নির্বাচনে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, সততা, যোগ্যতা, জনসম্পৃক্ততা ও সেবার মানসিকতা বিবেচনা করেই ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। ক্ষমতা কিংবা অর্থের প্রভাব নয়, জনগণের আস্থা ও ভালোবাসাই হোক জনপ্রতিনিধি নির্বাচনের প্রধান মাপকাঠি।

স্থানীয় সচেতন মহলের মতে, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা গেলে ইউনিয়ন পরিষদে যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবার মান আরও উন্নত হওয়ার প্রত্যাশা রয়েছে। সব মিলিয়ে আসন্ন ইউপি নির্বাচন ঘিরে রাণীনগর ও আত্রাইয়ের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আগামী দিনগুলোতে নির্বাচনী তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি