দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪ | Daily AjKaler Kontho

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় ৭ শিশুসহ নিহত ২৪

আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাত শিশুসহ অন্তত ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) রাত থেকে রোববার (২২ নভেম্বর) সকালের মধ্যে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে।

রোববার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর আগে নিহতের সংখ্যা ১৫ বলে জানানো হলেও পরে তা বেড়ে ২৪ হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে ওয়ারাপ রাজ্যের টনজ ইস্ট কাউন্টির ভারপ্রাপ্ত কমিশনার মাচুয়েই বিথ জানান, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বল বল বোমা এলাকায় হামলা চালানো হয়। প্রতিবেশী ইউনিটি রাজ্য থেকে আসা হামলাকারীরা এ আক্রমণ চালায়।

তার দাবি, হামলাকারীরা সাবেক ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুগত এসপিএলএ-আইও সশস্ত্র বাহিনীর সদস্য। ২০২৫ সালের মার্চ থেকে রিয়েক মাচার গৃহবন্দি রয়েছেন।

নিহতদের মধ্যে সাত শিশু ও ছয় নারী রয়েছেন। বাকিদের মধ্যে পশুপালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

এর আগে তিনি জানিয়েছিলেন, এসপিএলএ-আইওর পোশাক পরা চারজন সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছেন। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। ঘটনাস্থলে তদন্ত ও পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি দল পাঠানোর প্রস্তুতি চলছে।

এদিকে, গত সপ্তাহেও ওয়ারাপ রাজ্যের মাকুয়াচ শহরের একটি বাজারে দুই জেলার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৭ জন নিহত এবং ২৩ জন আহত হন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এর আগের মাসে ওয়ারাপ ও ইউনিটি রাজ্যের সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক সংঘাতে অন্তত ৭২ জন নিহত হন।

দক্ষিণ সুদানের এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড, গবাদিপশু লুট এবং ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতের কবলে রয়েছে। অবৈধ ও অবাধে আগ্নেয়াস্ত্র ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।

আজকালের কন্ঠ/আর বি