ব্যস্ত গোবিপ্রবি এখন নিস্তব্ধতায় মোড়া এক অন্যরকম ক্যাম্পাস | Daily AjKaler Kontho

ব্যস্ত গোবিপ্রবি এখন নিস্তব্ধতায় মোড়া এক অন্যরকম ক্যাম্পাস


মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৬, ১:৪৬ অপরাহ্ন
ব্যস্ত গোবিপ্রবি এখন নিস্তব্ধতায় মোড়া এক অন্যরকম ক্যাম্পাস

প্রতিদিন যেখানে হাজারো শিক্ষার্থীর পদচারণা, বন্ধুদের আড্ডা, চায়ের কাপে গল্প আর ক্লাসের ব্যস্ততায় মুখর থাকে ক্যাম্পাসের প্রতিটি প্রান্ত, সেখানে এখন বিরাজ করছে অদ্ভুত এক নীরবতা। নেই চেনা কোলাহল, নেই বন্ধুদের প্রাণবন্ত আড্ডা, নেই ক্লাসে যাওয়ার তাড়া। ৫৫ একরের চিরচেনা ক্যাম্পাস যেন হারিয়েছে তার প্রাণচাঞ্চল্য। গোপালগঞ্জের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে এক ভিন্ন রূপ ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের চিরচেনা আঙিনা।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের তালাবদ্ধ শ্রেণিকক্ষ থেকে শুরু করে কেন্দ্রীয় লাইব্রেরি—সবখানেই এখন নীরবতা। যে করিডোরগুলো প্রতিদিন শিক্ষার্থীদের পদচারণা ও কথোপকথনে মুখর থাকত, সেখানে এখন কেবলই শূন্যতা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেইন গেটসংলগ্ন নিউ মার্কেট, গোলচত্বর কিংবা হলপাড়ায় শিক্ষার্থীদের যে আনাগোনা দেখা যেত, তা এখন আর নেই। একসময় শিক্ষার্থীদের খেলাধুলা ও উচ্ছ্বাসে মুখর থাকা কেন্দ্রীয় খেলার মাঠটিও এখন ফাঁকা পড়ে আছে। একই চিত্র বিশ্ববিদ্যালয়ের কফি হাউসেও। যেখানে প্রতিদিন বন্ধুদের আড্ডা, গল্প আর চায়ের কাপে জমে উঠত প্রাণবন্ত সময়, সেখানে এখন নেই কোনো কোলাহল। ক্যাম্পাসের গাছের নিচে বসে আড্ডা দেওয়া কিংবা অবসর সময়ে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর চেনা দৃশ্যগুলোও যেন হারিয়ে গেছে।

একসময় যে টং দোকানগুলোতে চায়ের কাপে জমে উঠত আড্ডা, হাসি-ঠাট্টা আর নানা বিষয়ে তর্ক-বিতর্ক, সেগুলোর ঝাঁপ এখন বন্ধ। পড়ে আছে ফাঁকা বেঞ্চ, নেই পরিচিত মুখের ভিড়। ক্যাম্পাসের প্রতিটি কোণে যেন জমেছে এক অচেনা বিষণ্নতা। শিক্ষার্থীদের কোলাহলহীন পরিবেশে মনে হয়, ব্যস্ত এই ক্যাম্পাস যেন নিজের চেনা ছন্দ হারিয়ে এক দীর্ঘ অপেক্ষায় দিন পার করছে।

শুধু আড্ডার জায়গাগুলোই নয়, শিক্ষার্থীদের পদচারণায় সবসময় ব্যস্ত থাকা লেকপাড়, বনলতা সেন সড়ক থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া রোড—সবখানেই এখন সুনসান নীরবতা। যে পথ ধরে প্রতিদিন দল বেঁধে ক্লাসে যেতেন শিক্ষার্থীরা, যে সড়কে বিকেল হলেই বন্ধুদের নিয়ে হাঁটাহাঁটি কিংবা ছবি তোলার দৃশ্য দেখা যেত, সেসব জায়গা এখন প্রায় জনশূন্য। চারপাশে সবকিছু আগের মতো থাকলেও নেই সেই চেনা প্রাণচাঞ্চল্য।

ক্যাম্পাসের প্রতিটি স্থাপনা, সড়ক কিংবা সবুজ প্রান্তরের সঙ্গে জড়িয়ে আছে শিক্ষার্থীদের অসংখ্য স্মৃতি। কারও কাছে গোলচত্বর বন্ধুদের আড্ডার জায়গা, কারও কাছে লেকপাড় বিকেল কাটানোর ঠিকানা, আবার কারও কাছে টং দোকানের এক কাপ চা মানেই ক্লান্ত দিনের প্রশান্তি। অথচ বর্তমান পরিস্থিতিতে এসব পরিচিত জায়গা এখন শুধুই স্মৃতির অংশ হয়ে আছে।

ক্যাম্পাসের নীরবতায় বিষণ্ন শিক্ষার্থীরা

ক্যাম্পাসের এমন আকস্মিক পরিবর্তন মেনে নিতে কষ্ট হচ্ছে শিক্ষার্থীদেরও। প্রতিদিনের চেনা পরিবেশ, বন্ধুদের সঙ্গে আড্ডা আর ব্যস্ত সময়গুলোর কথা মনে করে অনেকেই ফিরে যেতে চান সেই পুরোনো দিনগুলোতে। তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা, পারিবারিক দায়িত্ব ও শিক্ষাজীবনের ভবিষ্যৎ নিয়েও তাঁদের মধ্যে রয়েছে নানা উদ্বেগ।

পদার্থবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল আরেফিন বলেন, ‘প্রতিদিনের প্রাণচঞ্চল ক্যাম্পাস থেকে হঠাৎ এমন নীরব পরিবেশে চলে আসা সত্যিই বেদনাদায়ক। বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, এটি আমাদের আবেগ, স্মৃতি ও স্বপ্নের অংশ। বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তকে প্রয়োজনীয় মনে হলেও দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। পারিবারিক আর্থিক দায়িত্বের কারণে এখনই বাড়ি ফেরার সুযোগও হচ্ছে না। আশা করি, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমাদের প্রিয় ক্যাম্পাস আবারও শিক্ষার্থীদের পদচারণা, হাসি-আড্ডা ও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠবে।’

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্তের পাশাপাশি বাড়ি ফেরার ভোগান্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথাও জানিয়েছেন শিক্ষার্থীরা। মনোবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারজিয়া মাকিন বলেন, ‘পরীক্ষার ঠিক আগমুহূর্তে এভাবে হঠাৎ বাড়ি ফিরতে হবে, তা কখনোই কাম্য ছিল না। দেশের সার্বিক পরিস্থিতির কারণে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় বৃষ্টির মধ্যেই বিকল্প পথ ঘুরে অনেক কষ্টে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরতে হয়েছে। এখন পুরো ক্যাম্পাসকেই খুব মিস করছি। গোপালগঞ্জ রেড জোনে থাকায় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার পাশাপাশি সেশনজটের ভয়ও কাজ করছে। প্রত্যাশা করি, দ্রুত গোপালগঞ্জসহ সারা দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমরা নিরাপদে আবারও ক্লাস ও পরীক্ষায় ফিরতে পারব।’

ফিরে আসুক চেনা কোলাহল

একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত প্রাণ তার শিক্ষার্থীরা। তাদের হাসি, গল্প, পদচারণা আর স্বপ্নের সমন্বয়েই প্রাণ ফিরে পায় ক্যাম্পাসের প্রতিটি প্রান্ত। শিক্ষার্থীদের অনুপস্থিতিতে দৃষ্টিনন্দন ভবন, প্রশস্ত সড়ক কিংবা সবুজে ঘেরা প্রাঙ্গণ—সবকিছুই যেন প্রাণহীন হয়ে পড়েছে। গাছগুলো দাঁড়িয়ে আছে আগের মতোই, লেকের পানিও বইছে আপন গতিতে, শুধু নেই সেই চেনা মানুষগুলো।

গোপালগঞ্জের চলমান সংকটের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে সামনে নিয়ে এলেও দীর্ঘ এই বন্ধ কবে শেষ হবে, কবে আবার স্বাভাবিক শিক্ষাকার্যক্রম শুরু হবে—সেই অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁদের মধ্যে রয়েছে আসন্ন পরীক্ষা, সম্ভাব্য সেশনজট ও শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ।

শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে আবারও মুখর হবে শ্রেণিকক্ষ, জমবে টং দোকানের আড্ডা, লেকপাড়ে ফিরবে বিকেলের হাঁটাহাঁটি, আর পরিচিত সড়কগুলো ভরে উঠবে হাজারো পদচারণায়—এমন প্রত্যাশাই সবার। কারণ, একটি ক্যাম্পাসের সৌন্দর্য শুধু তার অবকাঠামো কিংবা সবুজ প্রকৃতিতে নয়, বরং তার প্রাণবন্ত শিক্ষার্থীদের উপস্থিতিতেই। সেই চেনা কোলাহলে ফিরে যাওয়ার অপেক্ষায় এখন ব্যস্ত পঞ্চান্ন একর।

আজকালের কন্ঠ/আর বি