
রংপুরের তারাগঞ্জে ছাত্রলীগ(জাসদ) এর এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
উপজেলার নতুন চৌপথি এলাকার সিঙ্গার শোরুমের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম সুধীর চন্দ্র রায় (২১)। তিনি উপজেলার কুর্শা ইউনিয়নের শেখেরচক গ্রামের শ্যামা কান্ত রায় ওরফে সুকারুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর রাতে সুধীর চন্দ্র রায়সহ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তারাগঞ্জ উপজেলা পরিষদের দেয়ালসহ উপজেলার বিভিন্ন স্থানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানসংবলিত দেয়াল লিখন করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীসহ অন্যান্য ছাত্র সংগঠনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে তাকে আটক করে তারাগঞ্জ থানায় হস্তান্তর করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার রাতে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সুধীর চন্দ্র রায় নামে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’
উল্লেখ্য,বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে সুদিরকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।সুধীর চন্দ্র রায়ের বিরুদ্ধে আনীত সুনির্দিষ্ট অভিযোগগুলো প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে তাঁকে তারাগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :