নেত্রকোণায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন | Daily AjKaler Kontho

নেত্রকোণায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন


সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ১:২৮ অপরাহ্ন
নেত্রকোণায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে আলোচনা সভা, গাছের চারা বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা তরুলতা সাহা।

সভায় সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা এবং সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারাও বিতরণ করা হয়।

দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সমবায়ীরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি