রাণীনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন | Daily AjKaler Kontho

রাণীনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন


রায়হানুল হক রায়হান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ২:২২ অপরাহ্ন
রাণীনগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার।

সভায় অসুস্থতার কারণে প্রধান অতিথি নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (রেজু) উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি মুঠোফোনে দিবসটির সার্বিক সফলতা কামনা করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কে এইচ এম ইফতেখারুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর হাসান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করে আত্মনির্ভরশীল সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য অর্জনে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। আলোচনা অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

আজকালের কন্ঠ/আর বি