
বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে বিশ্ব শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার (৬ অক্টোবর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল উদ্বোধন ও শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরের পথচলার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি দেশের বিভিন্ন জেলার শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের মনের কথা শোনেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর জেলার শিশুদের পক্ষ থেকে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মিথিলা দাস প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময় করে।
উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার আয়োজনে বেলুন-ফেস্টুন উড়িয়ে শিশু অধিকার সপ্তাহ-২০২৬-এর বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক শেখ হাফিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোর্শেদ আলী খান এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহঃ আব্দুল ওয়াহেদ।
অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং শিশু সংগঠন ‘এসো কিশোর’-এর সদস্যরা অংশগ্রহণ করেন। এছাড়া কারিতাস বাংলাদেশ (দিনাজপুর অঞ্চল), পল্লীশ্রী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (দিনাজপুর এডিপি)-সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে শিশুদের অধিকার, সুরক্ষা ও কল্যাণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরের পথচলা ও শিশুদের উন্নয়নে এর ভূমিকা তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :