
দাড়ি-টুপি পরা এই ব্যক্তির নাম হাবুল শিকদার। বয়স প্রায় ৬০ বছর। মাদারীপুরের কালকিনিতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী বের করেন ঝাড়ু মিছিল।
ভুক্তভোগী শিশুটির বাবা-মায়ের অভিযোগ, বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি ঘরে নিয়ে দরজা-জানালা বন্ধ করে দেন হাবুল শিকদার। কিছুক্ষণ পর শিশুটির মা জানালা খুলে হাবুল শিকদার ও তার মেয়েকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, গত শুক্রবার এ ঘটনা ঘটে। ঘটনার পর হাবুল শিকদার আত্মগোপনে চলে যান বলে জানান স্থানীয়রা। সোমবার সন্ধ্যায় প্রায় পাঁচ শতাধিক মানুষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অভিযুক্তের বিচারের দাবিতে ঝাড়ু মিছিল করেন। পরে বিক্ষুব্ধ জনতা হাবুল শিকদারের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পরে কালকিনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই অভিযুক্তের বসতঘর ও গরুর ঘরসহ মালামাল পুড়ে যায়। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে।
এলাকাবাসীর অভিযোগ, হাবুল শিকদারের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ রয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় এনে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষী হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :