
পটুয়াখালীর দুমকিতে পুলিশ চেকপোস্টে সন্দেহভাজন এক যুবককে তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইলিয়াস খাঁ (২৮) নামে ওই যুবককে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে দুমকি থানাধীন লেবুখালী টোল প্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি থানার এএসআই (নিরস্ত্র) মোশারফ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ওই এলাকায় চেকপোস্ট ডিউটি পালন করছিলেন। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে ইলিয়াস খাঁকে থামিয়ে তল্লাশি করা হয়। পুলিশের দাবি, তল্লাশিকালে তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
পরে তাকে আটক করা হয় এবং উদ্ধার করা ইয়াবা বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
আটক ইলিয়াস খাঁ পটুয়াখালী সদর থানার কিসমত মৌকরন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মুছা খাঁ ও হাজেরা বেগমের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি এফআইআর নম্বর-০৩, তারিখ ৫ অক্টোবর ২০২৬।
আপনার মতামত লিখুন :