আগামী অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: মন্ত্রী আসাদুল হাবিব | Daily AjKaler Kontho

আগামী অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: মন্ত্রী আসাদুল হাবিব


কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন
আগামী অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: মন্ত্রী আসাদুল হাবিব

তিস্তা মহাপরিকল্পনার কারিগরি সমীক্ষা ও নকশা প্রণয়ন সম্পন্ন হলে আগামী অর্থবছরে এর বাস্তবায়ন কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তিস্তা নদীর পাড়ের সন্তান হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন তাঁর জীবনসংগ্রামের একটি অংশ। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা নদীঘেঁষা এলাকার প্রায় দুই কোটি মানুষের জীবনমানের পরিবর্তন ঘটবে।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষা বর্তমানে চলমান রয়েছে। কারিগরি সমীক্ষা শেষ করে নকশা প্রণয়ন করা হলে আগামী অর্থবছরে প্রকল্পটির কাজ শুরু করার আশা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসীব, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনীম, রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলামসহ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি