
বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করার লক্ষ্যে আন্তর্জাতিক যৌথ গবেষণার উদ্যোগ নিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। এ লক্ষ্যে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড ও ইউরালা কাউন্সিল, এসিআই ফার্টিলাইজার বাংলাদেশ, পবিপ্রবি এবং বরিশাল সিটি কর্পোরেশনের সমন্বয়ে প্রণীত একটি যৌথ গবেষণা প্রস্তাব বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ২৯ সেপ্টেম্বর বেলা ১টায় পবিপ্রবির একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের আওতায় প্রস্তাবটি বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টরা জানান, অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠান পাইরোলাইসিস প্রযুক্তির মাধ্যমে বর্জ্য রিসাইক্লিং কার্যক্রমে অর্থায়নে আগ্রহ প্রকাশ করায় বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে কেন্দ্র করে গবেষণা প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নগরীর বর্জ্য পুনর্ব্যবহার ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার সম্ভাবনা নিয়ে গবেষণার সুযোগ তৈরি হবে।
প্রস্তাবিত গবেষণা প্রকল্পের প্রজেক্ট লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ও অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ডের শিক্ষক প্রফেসর ড. শামীম মিয়া।
প্রকল্পের সদস্য হিসেবে রয়েছেন পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক প্রফেসর ড. খোকন হোসেন এবং জেএসপিএস-ইউজিসি বাইল্যাটারাল জয়েন্ট রিসার্চ প্রজেক্টের প্রজেক্ট মেম্বার ও স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বর্জ্য পুনর্ব্যবহারের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। পাশাপাশি দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা সহযোগিতাও আরও সম্প্রসারিত হবে।
উল্লেখ্য, পবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং দেশীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :