ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২ | Daily AjKaler Kontho

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২


রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১:২১ অপরাহ্ন
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বদলগাছী উপজেলার মোহাম্মদ সারোয়ার হোসেন অপু (৩২) ও শামীম হোসেন (৩১)।

জেলা পুলিশের মিডিয়া সেল গ্রুপে দেওয়া এক বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, দুই ব্যক্তি একটি গ্রামে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করছেন— এমন তথ্য পায় পুলিশ। টাকা না দিলে হ্যান্ডকাফ পরিয়ে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছিল।

খবর পেয়ে সদর থানা পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। সেখানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, প্রায় এক মাস আগে ওই দুজন একই গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি