বান্দরবান সদর উপজেলায় ফুফুর হাতে ৪ বছর বয়সী শিশু ভাতিজিকে হত্যার অভিযোগ: আটক ফুফু | Daily AjKaler Kontho

বান্দরবান সদর উপজেলায় ফুফুর হাতে ৪ বছর বয়সী শিশু ভাতিজিকে হত্যার অভিযোগ: আটক ফুফু


বান্দরবান প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৮:০৯ অপরাহ্ন
বান্দরবান সদর উপজেলায় ফুফুর হাতে ৪ বছর বয়সী শিশু ভাতিজিকে হত্যার অভিযোগ: আটক ফুফু

বান্দরবান জেলার সদর উপজেলার সুয়ালকে চার বছর বয়সী শিশু তাইফা সুলতানাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ফুফু নারগিছ সুলতানা কচির (৫২) বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত নারীকে আটক করেছে থানা পুলিশ।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুয়ালক এলাকায় হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে। নিহত তাইফা সুলতানা (৪) উক্ত এলাকার বাসিন্দা টিপু খানের কন্যা।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই শিশু তাইফাকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে বিকেল বেলা বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার এক পর্যায়ে শিশুটির ফুফু নারগিছ সুলতানা কচির ঘরের ভেতর তাইফার নিথর দেহ দেখতে পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তথ্যমতে, ফুফু নারগিছ সুলতানা কচি মানসিক ভারসাম্যহীন এবং তিনি শিশুটিকে গলা টিপে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, আটককৃত নারগিছ সুলতানা কচি প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে হত্যার বিষয়টি নিজে স্বীকার করেছেন। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া ও পরবর্তী তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি