
বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের উপস্থিতিতে ভবিষ্যতে সদাচরণ করা এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
আলীকদম থানার অফিসার ইনচার্জ মো. শাহেদ পারভেজের নেতৃত্বে অভিযানে পুলিশ পরিদর্শক মো. আমজাদ হোসেন, এসআই উপেন বড়ুয়া, এসআই নিশাত বড়ুয়া, এসআই আবু সাইদ, এসআই জহিরুল ইসলাম, এসআই মিয়েল চাকমা, এএসআই রাজিব, এএসআই মফিজ, এএসআই মাহফুজসহ পুলিশের সদস্যরা অংশ গ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় উপজেলার বিভিন্ন স্থানে আড্ডা দেওয়া, অহেতুক ঘোরাঘুরি ও ক্যারাম খেলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত পাঁচ কিশোরকে সতর্কতামূলকভাবে আটক করা হয়।
পরে আটক কিশোরদের অভিভাবকেরা থানায় উপস্থিত হলে তাদের সঙ্গে কথা বলেন ওসি মো. শাহেদ পারভেজ। এ সময় কিশোরদের নিরাপত্তা, ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িয়ে না পড়ার বিষয়ে কিশোর ও তাদের অভিভাবকদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
পুলিশের পক্ষ থেকে কিশোরদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়। এ ধরনের উদ্যোগকে উপস্থিত অভিভাবকেরা সাধুবাদ জানান।
থানার ওসি মো. শাহেদ পারভেজ বলেন, মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অভিযানে পাঁচ কিশোরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ভবিষ্যতে সদাচরণ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :