
দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় নুরুল ইসলাম (৭০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক নুরুল ইসলাম উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বুলাকীপুর ইউনিয়ন পরিষদ এলাকার সামনে থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১২৫ বস্তা চাল সংগ্রহ করে নিজ বাড়ির গুদামে মজুত করেন নুরুল ইসলাম। পরে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় ঘোড়াঘাট থানা-পুলিশ।
অভিযান চালিয়ে বাড়ির গুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির এসব চাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা চালগুলো থানায় নেওয়া হয় এবং নুরুল ইসলামকে আটক করে পুলিশ।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১২৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা চালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তবে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কীভাবে নুরুল ইসলামের গুদামে গেল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না—তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :