
ঢাকা-৯ আসনের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত এলাকাগুলোকে দ্রুত উন্নয়নের আওতায় এনে জলাবদ্ধতা ও নাগরিক দুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, এলাকার খালগুলো দখলমুক্ত করে জলপ্রবাহ স্বাভাবিক করার পাশাপাশি বাঁশের সাঁকোর পরিবর্তে আরসিসি সেতু নির্মাণসহ চলমান উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
আজ রবিবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডের আওতাধীন নন্দীপাড়া এলাকার জিরানী খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশের উন্নয়নের পাশাপাশি ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। দীর্ঘদিন ধরে ঢাকার খালগুলো ডাস্টবিনে পরিণত হয়েছিল। এসব খাল পুনরুদ্ধার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে জলপ্রবাহ নিশ্চিত করে সুন্দর ঢাকা গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএসসিসির প্রশাসক আবদুস সালামের প্রশংসা করে তিনি বলেন, তিনি জলাবদ্ধতা নিরসন এবং ময়লা-আবর্জনা দূর করে দক্ষিণ ঢাকাকে বাসযোগ্য করতে কাজ করছেন। এলাকার উন্নয়নে ডাকলেই তিনি মানুষের পাশে আসছেন।
ঢাকা-৯ এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে ‘ছোট ভাই’ উল্লেখ করে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এলাকাটি দেখে রাখার কথা বলেছিলেন। ১২ ফেব্রুয়ারির পর সরকার ও তিনি মানুষের পাশে থাকবেন বলেও প্রধানমন্ত্রী জানিয়েছিলেন। মন্ত্রী, সচিব ও কর্মকর্তাদের উপস্থিতি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ।
হাবিবুর রশিদ বলেন, এলাকার মানুষের দুঃখ-কষ্ট দীর্ঘদিন ধরে সাংবাদিকেরা তুলে ধরেছেন। ভবিষ্যতেও এসব সমস্যা তুলে ধরলে তা সমাধানে কাজ করা সহজ হবে।
খাল দখলের প্রসঙ্গে তিনি বলেন, বিগত ১৫ বছরে খালগুলো অবৈধভাবে দখল করা হয়েছে। দখলদারদের পরিচয় শুধু ‘অবৈধ দখলদার’। এসব খাল দখলমুক্ত করে এলাকার উন্নয়ন বাস্তবায়ন করতে হবে।
ঢাকা-৯ এলাকায় বাঁশের সাঁকোর পরিবর্তে আরসিসি সেতু নির্মাণের প্রসঙ্গ তুলে ধরে হাবিবুর রশিদ বলেন, প্রধানমন্ত্রী এলাকার বাঁশের সাঁকোর ছবি দেখে জানতে চেয়েছিলেন, ঢাকায় এখনো বাঁশের সাঁকো আছে কি না। তখন তিনি ক্ষমতায় এলে এসব স্থানে আরসিসি সেতু নির্মাণের কথা বলেছিলেন। সেই কাজও এখন এগিয়ে চলছে।
তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে এসব কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। এতে দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ঢাকা-৯ এলাকার মানুষ উন্নয়নের সুফল পাবেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশ নৌবাহিনী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :