নদী অধিকার ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ জরুরি: পানিসম্পদ প্রতিমন্ত্রী | Daily AjKaler Kontho

নদী অধিকার ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ জরুরি: পানিসম্পদ প্রতিমন্ত্রী


রাহাত ভূঁইয়া প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
নদী অধিকার ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ জরুরি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশের নদী অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সমন্বিত ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পানি ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এ দেশের অর্থনীতি, কৃষি, জীববৈচিত্র্য ও কোটি মানুষের জীবন-জীবিকা সরাসরি নদীর সঙ্গে জড়িত। তাই নদী সুরক্ষা শুধু পরিবেশগত কোনো বিষয় নয়; এটি বাংলাদেশের অস্তিত্ব ও ভবিষ্যৎ সুরক্ষার মৌলিক প্রশ্ন।

অভিন্ন নদীর পানি বণ্টনে আন্তর্জাতিক আইন ও সমতার নীতি কঠোরভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আন্তঃসীমান্ত নদীর পানি কোনো একক রাষ্ট্রের একচ্ছত্র সম্পত্তি নয়। উজান ও ভাটির দেশগুলোর পারস্পরিক শ্রদ্ধা, সমতা, অভিন্ন স্বার্থ এবং কোনো পক্ষের ক্ষতি না করার নীতির ভিত্তিতে সমন্বিত অববাহিকা ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী উল্লেখ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, এ সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক আস্থা, সম্মান ও সমতা।

গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমঝোতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, চুক্তি নবায়নের ক্ষেত্রে বাংলাদেশের ন্যায্য হিস্যা ও দীর্ঘমেয়াদি জাতীয় পানি নিরাপত্তা নিশ্চিত করেই কার্যকর সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

একই সঙ্গে তিস্তাসহ অন্যান্য অভিন্ন নদীর পানির ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করতে আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অঙ্গনে বাংলাদেশের যৌক্তিক অবস্থান ও দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

দেশের অভ্যন্তরীণ নদ-নদী রক্ষা এবং দখল-দূষণ প্রতিরোধেও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, নদীকে স্থায়ীভাবে বাঁচাতে হলে দখল ও দূষণ বন্ধ করার পাশাপাশি পানির স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনতে হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। প্রধান আলোচক ছিলেন পানি বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন। সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, পানিসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা অংশ নেন।

আজকালের কন্ঠ/আর বি