রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল | Daily AjKaler Kontho

রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল


আহমদ বিলাল খান প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:২৩ অপরাহ্ন
রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল

রাঙ্গামাটিতে শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে মানুষের আকিদা এবং আউলিয়ায়ে কেরামের শান নিয়ে ২য় বার্ষিক আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বাদ মাগরিব রাঙ্গামাটি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদ সংলগ্ন এলাকায় আল আমীন সুন্নী যুব সংঘ ও হাজী ধনমিয়া পাহাড় এলাকাবাসীর উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস-সালীম ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও দারুস সুন্নাহ লতিফিয়া মাদ্রাসা, সিলেট ছাতকের প্রিন্সিপাল হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান। তিনি শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিষয়ে আলোচনা করেন।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, দেশ টিভি ও বাংলা টিভির ইসলামী আলোচক হযরত মাওলানা আবুল লেইছ ফারুকী। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে মানুষের আকিদা বিষয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদের খতিব হযরত মাওলানা সেলিম উদ্দিন আল কাদেরী। তিনি আউলিয়ায়ে কেরামের শান বিষয়ে আলোচনা করেন।

মাহফিলে সভাপতিত্ব করেন মুহাম্মদ আব্দুল জলিল (কোম্পানি)। স্থানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুস সালাম বাবলু, মুহাম্মদ রবিউল ইসলাম বাবলু, মুহাম্মদ আব্দুল খালেক মানিক, মুহাম্মদ নূরুল আলম নূরু, মুহাম্মদ নুরুদ্দিন, মুহাম্মদ আলী, মুহাম্মদ রাজু, মুহাম্মদ আলম ও মুহাম্মদ নাজিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনায় বক্তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনাদর্শ অনুসরণ, ঈমান ও আকিদা সংরক্ষণ এবং নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

মাহফিলের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দেশের মানুষের নিরাপত্তা, শান্তি ও সার্বিক কল্যাণের পাশাপাশি সমাজ থেকে অশান্তি, বিভেদ ও হানাহানি দূর হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আহমদ বিলাল খান, দৈনিক আজকালের কণ্ঠের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

না’তে রাসুল (সাঃ) পরিবেশন করেন চট্টগ্রাম রাউজানের হাফেজ মোহাম্মদ রাশেদুল আলম ও হাজী ধনমিয়া পাহাড়ের মোঃ মহিন উদ্দিন,

আল আমীন সুন্নী যুব সংঘ হাজী ধনমিয়া পাহাড়, তবলছড়ি, রাঙ্গামাটির আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।