পদ্মা ব্যারেজ নির্মাণ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদমন্ত্রী এ্যানি | Daily AjKaler Kontho

পদ্মা ব্যারেজ নির্মাণ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদমন্ত্রী এ্যানি


রাহাত ভূঁইয়া প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
পদ্মা ব্যারেজ নির্মাণ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদমন্ত্রী এ্যানি

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ নির্মাণ হলে দেশের ২৪ জেলার প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কৃষি, নৌযোগাযোগ ও বিদ্যুৎ উৎপাদনেও ইতিবাচক পরিবর্তন আসবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পানি ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগের কথা জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, নদী রক্ষা ও জনগণের স্বার্থ বিবেচনায় প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে নদীভাঙন রোধে নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ করা হচ্ছে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “তিস্তা পরিকল্পনা অনেক বড় একটি বিষয়। এ জন্য আমরা দেশি-বিদেশি টিমকে অন্তর্ভুক্ত করেছি। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে নেদারল্যান্ডস ও চীনের সহযোগিতা নেওয়া হবে। তিস্তার বিষয়ে রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলা হয়েছে।”

তিনি বলেন, বর্তমানে উপকূলীয় অঞ্চলে টিউবওয়েল স্থাপনের জন্য ৮০০ থেকে ৯০০ ফুট পর্যন্ত গভীরে যেতে হচ্ছে। এর অন্যতম প্রধান কারণ পানির সংকট ও পর্যাপ্ত সারফেস ওয়াটারের অভাব।

পানির সংকট মোকাবিলায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, খাল খননের মাধ্যমে সারফেস ওয়াটারের পরিমাণ বাড়বে। এতে ধীরে ধীরে ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধারে সহায়তা করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন পানি বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত।

আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন, নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস এবং নোঙর ট্রাস্টের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মো. বাবুল আপন।

এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, পানিসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা সভায় অংশ নেন।

আজকালের কন্ঠ/আর বি