নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১৭০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৯ | Daily AjKaler Kontho

নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১৭০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৯


রিজভী আহম্মেদ রিজোয়ান, নওগাঁ প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ১১৭০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৯

নওগাঁর নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকায় এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ হাজার ১৭০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে অভিযানে স্থানীয় লোকজনের উপস্থিতিতে শ্রী মুনি (৪৫) নামে এক নারীকে নারী পুলিশ সদস্য দিয়ে দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে কালো পলিথিনে মোড়ানো ৪টি নীল রঙের পলি প্যাকেটে বিশেষ কায়দায় রাখা মোট ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মানিক (৩৮) ও শাওন (৪২) নামে ওই নারীর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে এলাকায় মাদক সেবন এবং সামাজিক শৃঙ্খলা বিনষ্ট করার (পাবলিক নুইসেন্স) অপরাধে আরও ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) এবং রাজু মিয়া (৩২)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নুনিয়াপট্টি ও সুইপার কলোনি এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, এসব এলাকায় প্রতি সপ্তাহে বিশেষ অভিযান চালানো হবে, প্রয়োজন হলে প্রতিদিনই অভিযান হবে। মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে এবং পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।

আজকালের কন্ঠ/আর বি