লোহাগড়ায় সরকারি মালামাল চুরি: বিপুল চোরাই তার ও অস্ত্রসহ আটক ১ | Daily AjKaler Kontho

লোহাগড়ায় সরকারি মালামাল চুরি: বিপুল চোরাই তার ও অস্ত্রসহ আটক ১


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
লোহাগড়ায় সরকারি মালামাল চুরি: বিপুল চোরাই তার ও অস্ত্রসহ আটক ১

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদাহ এলাকায় চুরি হওয়া সরকারি মালামাল উদ্ধারে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ রেললাইনের তার, অ্যালুমিনিয়াম, লোহার সামগ্রী ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানে কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শহিদুল শেখের ছেলে রিহাদ শেখকে (২৩) আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে ধোপাদাহ পূর্বপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ধোপাদাহ গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম এবং একই গ্রামের আক্তার ভূঁইয়ার ছেলে ভাঙারি ব্যবসায়ী বিল্লালের বাড়িতে যৌথভাবে অভিযান চালানো হয়।

অভিযানে ভাঙারি ব্যবসায়ী বিল্লালের বাড়ি থেকে ৩৭ কোরের প্রায় ৭০ কেজি তার, ৪৭ কোরের সাদা পাইপ, অ্যালুমিনিয়ামের প্রায় ২৮ কেজি মালামাল, ১৩ কেজি লোহার পাত এবং পুরোনো লোহার রডের প্রায় ৯৯ কেজি টুকরা উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। তবে চোরাইকৃত মালামালের মোট মূল্য কত- তা জানা সম্ভব হয় নাই।

অন্যদিকে সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলামের বাড়ি থেকে চারটি রামদা উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় তার ছেলে রিহাদ শেখকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য, উদ্ধার করা মালামাল সরকারি সম্পদ থেকে চুরি করা হয়েছে কি না এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকালের কন্ঠ/আর বি