মাদকের ছোবলে ঘোড়াঘাট, ভ্রাম্যমাণ আদালতে ৫ সেবনকারীর কারাদণ্ড | Daily AjKaler Kontho

মাদকের ছোবলে ঘোড়াঘাট, ভ্রাম্যমাণ আদালতে ৫ সেবনকারীর কারাদণ্ড


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৮:১৩ অপরাহ্ন
মাদকের ছোবলে ঘোড়াঘাট, ভ্রাম্যমাণ আদালতে ৫ সেবনকারীর কারাদণ্ড

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে আটক পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তাদের হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল আল-মামুন কাওসার শেখ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজনকে ছয় মাস করে এবং একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়।

ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. শাকিল মিয়া (২৬), পিতা মো. হেলাল উদ্দিন, গ্রাম মরিচা; সবুজ (২৫), পিতা বাহার উদ্দিন, গ্রাম বিরাহিমপুর; জয়নাল আবেদীন (৩৬), পিতা হানিফ উদ্দিন, গ্রাম রামেশ্বরপুর এবং শাহিন আলম, পিতা আবু তাহের মণ্ডল, গ্রাম বিরাহিমপুর।

অন্যদিকে, মো. কবিরুল ইসলাম (২৫), পিতা কহিনুর ইসলাম, গ্রাম বলাহার—তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে ওই পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত এ দণ্ডাদেশ দেন।

এদিকে, ঘোড়াঘাটে সহজলভ্য মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বিভিন্ন এলাকায় হাত বাড়ালেই মাদক পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তরুণ প্রজন্মের একটি অংশ ঝুঁকির মধ্যে পড়ছে। মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, কার্যকর নজরদারি ও সামাজিক প্রতিরোধ জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। মাদক বিক্রি, সরবরাহ বা সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, মাদকসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট তথ্য থাকলে তা পুলিশকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি