
কুমিল্লা দেবিদ্বার পৌরসভার ৮নং ওয়ার্ডের ইকরানগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসায় হিফজুল কোরআন সবক প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সবক প্রদান এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হাফেজ মাওলানা কারি শহিদুল্লাহ নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামামা ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল্লাহ সাদি আল-আজহারী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়, মিশরের পিএইচডি গবেষক ও ঢাকার দারুস সুন্নাহ আল আরাবিয়া একাডেমির পরিচালক শায়েখ শরীফ আব্দুল মান্নান আযহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আরবি ভাষা প্রশিক্ষক শায়েখ হামেদ রেজা আল আযহারী।
এছাড়া ও উপস্থিত ছিলেন মুফতি দ্বীন মোহাম্মদ দিদার, এ বি এম মিজান,হা মো মিসবাহুল আলম, মো শফিকুল ইসলাম,মো মিজান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দামামা ফাউন্ডেশনের উপদেষ্টা এস এম মিজানুর রহমান। তিনি উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি তাদের মেধা, নৈতিকতা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, পবিত্র কোরআন শুধু তিলাওয়াত ও হিফজের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, আদব-আখলাক ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ভবিষ্যতে দেশ, সমাজ ও দ্বীনের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শায়েখ হামেদ রেজা আল আযহারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখা বা সবক শুরুর আগে নিয়তের পরিশুদ্ধতা নিশ্চিত করতে হবে। দুনিয়াবি খ্যাতি বা কোনো পার্থিব উদ্দেশ্যে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি ও দ্বীনের খিদমতের জন্য ইলম অর্জন করতে হবে।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত সবক প্রস্তুত ও প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার আহ্বান জানান। তিনি বলেন, পড়া জমিয়ে রাখা ও অলসতা ইলম অর্জনের বড় বাধা। উস্তাদ বা শিক্ষকের পাঠদানের সময় পূর্ণ মনোযোগ দিয়ে শোনা, তাকওয়া অবলম্বন করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা জরুরি। গুনাহ মানুষের স্মৃতিশক্তি ও হিফজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে বলেও তিনি উল্লেখ করেন।
শায়েখ হামেদ রেজা আল আযহারী আরও বলেন, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থেকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। ভোর ও সকালের সময় পড়ালেখায় কাজে লাগাতে হবে। পাশাপাশি উস্তাদদের প্রতি সর্বোচ্চ আদব, সম্মান ও বিনয় প্রদর্শন করতে হবে। আদব ছাড়া প্রকৃত ইলম ও ইলমের বরকত অর্জন করা সম্ভব নয়।
প্রধান অতিথি শায়েখ শরীফ আব্দুল মান্নান আযহারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবক নেওয়ার মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের জীবনকে সুন্নাহ অনুযায়ী গড়ে তোলা। লোকদেখানো বা দুনিয়াবি কোনো উদ্দেশ্যে ইলম অর্জন করলে তাতে বরকত থাকে না।
তিনি বলেন, “ইলম অনুযায়ী আমল না করলে সেই ইলম কেয়ামতের দিন মানুষের বিপক্ষে দলিল হবে।” তাই শিক্ষার্থীরা যা শিখবে, তা নিজেদের জীবনে বাস্তবায়ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পুরস্কার বিতরণীর উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার মূল্যায়নের পাশাপাশি তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করাও এর অন্যতম লক্ষ্য। যারা এবার পুরস্কার পায়নি, তাদের হতাশ না হয়ে আরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ভবিষ্যতে ভালো করার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আদবহীন ব্যক্তির কোনো ইলম থাকে না।” তাই উস্তাদ, মাদ্রাসার নিয়ম-কানুন ও শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হতে হবে। শিক্ষার্থীদের আজকের অবস্থানের পেছনে পিতা-মাতার ত্যাগ এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞ থাকারও আহ্বান জানান তিনি।
তিনি শিক্ষার্থীদের আগামী দিনে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার পাশাপাশি ইসলামের সঠিক দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যোগ্য আলেম হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। বক্তারা পবিত্র কোরআন শিক্ষা ও হিফজের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে সভাপতির বক্তব্যে দামামা ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল্লাহ সাদি আল-আজহারী মাদ্রাসার সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং মুসলিম উম্মাহর হেদায়েত ও ঐক্য কামনা করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :