
সিলেটের গোলাপগঞ্জে গভীর রাতে টিলা কেটে মাটি সংগ্রহ করে প্লট ভরাটের সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় মাটিবাহী একটি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা জব্দ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর একমাইল এলাকায় গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশের একটি টিলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের আঁধারে টিলা কেটে মাটি সংগ্রহ করে ব্রিটিশ আইডিয়াল স্কুলের সামনে গোলাপগঞ্জ-ঢাকাদক্ষিণ সড়কের পাশে শরিফ নামের এক ব্যক্তির প্রজেক্টে প্লট ভরাট করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—গোলাপগঞ্জ উপজেলার রণকেলী নুরপাড়ার আতন আলীর ছেলে শফি আহমদ (৩০), উত্তর কানিশাইল গ্রামের মতচ্ছির আলীর ছেলে তারেক আহমদ (৩০) এবং দত্তরাইল গ্রামের ফজলু মিয়ার ছেলে পাপলু আহমেদ (৩৫)।
অভিযানে একটি মাটিভর্তি ট্রাক, দুটি কোদাল ও দুটি বেলচা জব্দ করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, টিলা কাটার সঙ্গে জড়িত আটক তিনজন ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়দের অভিযোগ, রাতের আঁধারে টিলা কেটে মাটি পরিবহনের ঘটনায় পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এ ধরনের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন তারা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :