শরীয়তপুরে জেলা বিএনপির সভায় ছাত্রদল নেতার বহিষ্কারের দাবি | Daily AjKaler Kontho

শরীয়তপুরে জেলা বিএনপির সভায় ছাত্রদল নেতার বহিষ্কারের দাবি


শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
শরীয়তপুরে জেলা বিএনপির সভায় ছাত্রদল নেতার বহিষ্কারের দাবি

ছাত্রদলের নাম ব্যবহার করে শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. আব্দুস সালামকে প্রকাশ্য দিবালোকে অপমান-অপদস্থ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকালে জেলা শহরের ধানুকা এলাকায় আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বক্তব্য দেন।

এতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলার সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল হোসেন সরদার, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুজ্জামান মোল্লা, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি নাজমুল হক বাদল, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির, শরীয়তপুর পৌরসভা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান ঢালী, সাধারণ সম্পাদক শামসুল হক ঢালী, শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম খায়ের, শরীয়তপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদ খান মেনন, শরীয়তপুর জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সুমন খান সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে শরীয়তপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও তাকে বহিষ্কারের দাবি জানান তারা।

বক্তারা বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতিনির্ধারক এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি রক্ষায় অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

আলোচনা সভায় বক্তারা জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুউদ্দিন আহাম্মেদ অপু, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ সফিকুর রহমান কিরণ, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালু সহ দলীয় নেতৃবৃন্দের কাছে বিষয়টি তুলে ধরার কথা জানান।

বক্তারা আরও বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কোনো সিনিয়র নেতাকর্মী বা সাধারণ মানুষকে অপমান-অপদস্থ করার ঘটনা ঘটলে তা সংগঠনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। তাই অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে, সোহেল তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তার বা তার পরিবারের সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

আজকালের কন্ঠ/আর বি