এমপি লিটন হত্যা: কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড | Daily AjKaler Kontho

এমপি লিটন হত্যা: কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০১৯, ১২:৫১ অপরাহ্ন
এমপি লিটন হত্যা: কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধায় আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এমপি কাদের খানসহ ৭ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় ঘোষণা করেন।

রায়ের সময় ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। চার্জশিটে অভিযুক্ত আট আসামির মধ্যে একজন কারাগারে মারা গেছেন এবং একজন পলাতক।

এর আগে, ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। গেলো ৮ এপ্রিল আলোচিত এ মামলার প্রথম দফায় আদালতে সাক্ষীদের সাক্ষগ্রহণ শুরু হয়।

পর্যায়ক্রমে কারাগারে থাকা আসামিদের আত্মপক্ষ সমর্থনে শুনানি হয় আদালতে। গত ৩১ অক্টোবর পর্যন্ত বাদী, নিহতের স্ত্রী ও তদন্ত কর্মকর্তাসহ ৫৯ জনের সাক্ষগ্রহণ করেছে আদালত।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়ার নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকুলী।

তদন্ত শেষে কাদের খাঁনসহ ৮ জনের বিরুদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি বগুড়ার বাসা থেকে গ্রেপ্তারের পর থেকে কাদের খাঁন কারাগারে রয়েছেন। লিটন হত্যার ঘটনায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় গত ১১ এপ্রিল তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

আজকালের কন্ঠ /এম