
দেশের স্বর্ণবাজারে দীর্ঘদিনের মূল্য নির্ধারণ পদ্ধতি বদলানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এখন থেকে সোনার মূল্যের সঙ্গে গয়না তৈরির মজুরি ও ব্যবসায়ীদের মুনাফা যুক্ত না রেখে আলাদাভাবে হিসাব করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। ধাপে ধাপে এ পরিবর্তন কার্যকর হলে গয়না কেনার সময় সোনার দাম ও তৈরির খরচ পৃথকভাবে পরিশোধ করতে হবে ক্রেতাদের।
প্রায় ২০ বছর পর আগের পদ্ধতিতে ফেরার এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন উচ্চমূল্যের কারণে দেশের জুয়েলারি ব্যবসায় ক্রেতাসংকট দেখা দিয়েছে। একই সঙ্গে বাজুসের নির্ধারিত দামের চেয়ে কম দামে সোনা বিক্রির প্রবণতাও বাড়ছে।
শনিবার (২২ নভেম্বর) বাজুসের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় মূল্য নির্ধারণ পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে সভায় ২৮ জন পরিচালক উপস্থিত ছিলেন। তবে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য এ সিদ্ধান্তের বিরোধিতা করেন।
সভায় সিদ্ধান্তের পরই সোনার নতুন দাম ঘোষণা করে বাজুস। এতে প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
এখন থেকে পুরোনো গয়না বিক্রি বা বদল করার ক্ষেত্রে গ্রাহকেরা আগের তুলনায় ৩ শতাংশ বেশি অর্থ পাবেন। তবে নতুন গয়না কেনার সময় সোনার দামের বাইরে আলাদাভাবে মজুরি দিতে হবে।
বাজুসের সোনা ও রুপার দাম নির্ধারণ ও তদারকি-বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম জানিয়েছেন, ভবিষ্যতে সোনার মূল্যের সঙ্গে অন্য কোনো খরচ যুক্ত রাখা হবে না। প্রতি গ্রাম গয়না তৈরিতে প্রায় ৩ হাজার টাকা বা ভরিতে প্রায় ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের কথা জানিয়েছেন তিনি। তার ভাষ্য, বিশ্বের বিভিন্ন দেশে এ পদ্ধতিতে জুয়েলারি ব্যবসা পরিচালিত হয়। বাংলাদেশেও সেই ব্যবস্থায় যেতে চায় বাজুস।
বাজুসের সভাপতি এনামুল হক খান বলেন, দেশের বাজারে সোনার দাম নিয়ে ক্রেতাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি রয়েছে। অনেকের ধারণা, ভারতের তুলনায় বাংলাদেশে প্রতি ভরি সোনার দাম ২৫ থেকে ৩০ হাজার টাকা বেশি। যদিও মজুরি যুক্ত করে হিসাব করলে ভারতে সোনার অলংকারের দাম বাংলাদেশের চেয়ে কিছুটা বেশি হতে পারে।
তিনি বলেন, দামের এই ধারণার কারণে অনেক ক্রেতা দেশের পরিবর্তে বিদেশ থেকে গয়না কিনছেন। এতে স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বিদেশমুখী ক্রেতাদের দেশে ফিরিয়ে আনতেই সোনার দামের সঙ্গে মজুরি ও মুনাফা যুক্ত না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, প্রায় দুই দশক আগে দেশে সোনার নির্ধারিত দামের সঙ্গে গয়না তৈরির মজুরি ও ব্যবসায়ীদের মুনাফা যুক্ত থাকত না। অলংকার কেনার সময় ক্রেতাদের আলাদাভাবে মজুরি পরিশোধ করতে হতো।
তবে সোনার ভরির দাম ১০ হাজার টাকা ছাড়িয়ে যাওয়ার পর ব্যবসায়ীদের একাংশের দাবিতে মূল্য নির্ধারণের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। তাঁদের যুক্তি ছিল, গয়না কেনার সময় ক্রেতারা আলাদা করে মজুরি দিতে চান না। তাই সোনার দামের মধ্যেই মজুরি ও মুনাফা যুক্ত করে দেওয়া হয়। পরবর্তী সময়ে এর সঙ্গে ভ্যাটও যুক্ত হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :