আগৈলঝাড়ায় বিএনপির বিশেষ বর্ধিত সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জহির উদ্দীন স্বপনের | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় বিএনপির বিশেষ বর্ধিত সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জহির উদ্দীন স্বপনের


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
আগৈলঝাড়ায় বিএনপির বিশেষ বর্ধিত সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জহির উদ্দীন স্বপনের

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের অভ্যন্তরীণ কোন্দল ও হানাহানি পরিহার করে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদায়) ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য জননেতা জহির উদ্দিন স্বপন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল। সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।

প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, দেশের স্বার্থে এবং গণতন্ত্র ও দলের সাংগঠনিক শক্তি সুসংহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভেতরে হানাহানি, বিভেদ ও বিশৃঙ্খলা পরিহার করে মাঠপর্যায়ে সক্রিয় থাকতে হবে। দলের মধ্যে অনুপ্রবেশকারী ও অনিয়মে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। কোনোভাবেই ব্যক্তিস্বার্থকে দলের স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া যাবে না। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে ত্যাগী, পরীক্ষিত, কর্মীবান্ধব ও জনসম্পৃক্ত নেতাদের মূল্যায়ন করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, সারোয়ার হোসেন মিয়া, খোন্দকার মোহাম্মদ আলী, এনায়েত হোসেন খান মনু, আবুল হোসেন মোল্লা, মন্নান আকন, শামছুল হক খোকন, কার্তিক চন্দ্র বেপারীসহ পাঁচ ইউনিয়নের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি