নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার | Daily AjKaler Kontho

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

রোববার (২২ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার পাটুল নিচা বাজার এলাকায় অভিযান চালায় এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।

এসআরবি সূত্রে জানা যায়, পাটুল থেকে খোলাবাড়িয়া সড়কের পশ্চিম পাশে অবস্থিত ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে একটি সাদা রঙের বাজারের ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে অভিযানিক দল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাত ৩টা ৪০ মিনিটের দিকে বোম্ব ডিসপোজাল টিমের সহায়তায় ব্যাগটি তল্লাশি করা হয়।

এ সময় উপস্থিত লোকজনের সামনে ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা ককটেলগুলো বিধি অনুযায়ী জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলডাঙ্গা থানায় সাধারণ ডায়েরিমূলে হস্তান্তর করা হয়েছে।

তবে কে বা কারা এসব ককটেল সেখানে ফেলে রেখেছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজকালের কন্ঠ/আর বি