ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে ঘোড়াঘাটের কৃষক, পানির নিচে কাটা আমন ধান | Daily AjKaler Kontho

ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে ঘোড়াঘাটের কৃষক, পানির নিচে কাটা আমন ধান


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ৫:৪৩ অপরাহ্ন
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে বিপাকে ঘোড়াঘাটের কৃষক, পানির নিচে কাটা আমন ধান

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও বৃষ্টিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আমন ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কয়েক দিনের বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে ধান পচে যাওয়া, রং পরিবর্তনসহ গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মাঠে কেটে রাখা আমন ধানের গোছা বৃষ্টির পানিতে ডুবে আছে। কোথাও কোথাও জমে থাকা পানিতে ধান ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। ফলে ধান শুকানো, মাড়াই ও ঘরে তোলার কাজ ব্যাহত হচ্ছে। বিশেষ করে সিংড়া ও বুলাকীপুর ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা পড়েছেন বাড়তি বিপাকে।

উপজেলার সিংড়া গ্রামের কৃষক আইনুল হক বলেন, “তিন দিন আগে ধান কেটে শুকানোর জন্য মাঠে রেখেছিলাম। কিন্তু গতকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এখন ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। কীভাবে ধানগুলো রক্ষা করব, বুঝতে পারছি না।”

তিনি আরও বলেন, সারা বছর পরিশ্রম ও অর্থ ব্যয় করে উৎপাদিত ফসল ঘরে তোলার সময় এমন বৃষ্টিতে দুশ্চিন্তা বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে ফসলের ক্ষতির পাশাপাশি অতিরিক্ত শ্রমিকের খরচও বহন করতে হবে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান প্রতিদিনের বাংলাদেশের ঘোড়াঘাট উপজেলা প্রতিবেদককে বলেন, কৃষকদের দ্রুত জমির পানি নিষ্কাশন করতে এবং কেটে রাখা ধান পানি থেকে তুলে নিরাপদ ও শুকনো স্থানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

বছরের প্রধান ফসল আমন ধান ঘরে তোলার গুরুত্বপূর্ণ সময়ে এমন বৈরী আবহাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ঘোড়াঘাটের কৃষকরা। এখন তাঁদের প্রত্যাশা, দ্রুত আবহাওয়া স্বাভাবিক হবে এবং মাঠের ফসল বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে।

আজকালের কন্ঠ/আর বি