নজরুলের সৃষ্টিকর্মে নতুন প্রজন্মের অনুপ্রেরণা, ঘোড়াঘাটে আলোচনা ও সাংস্কৃতিক উৎসব | Daily AjKaler Kontho

নজরুলের সৃষ্টিকর্মে নতুন প্রজন্মের অনুপ্রেরণা, ঘোড়াঘাটে আলোচনা ও সাংস্কৃতিক উৎসব


ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
নজরুলের সৃষ্টিকর্মে নতুন প্রজন্মের অনুপ্রেরণা, ঘোড়াঘাটে আলোচনা ও সাংস্কৃতিক উৎসব

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি, সাহিত্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকারের সঞ্চালনায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সাহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াকিল আহমেদ এবং নূরজাহানপুর অবসরপ্রাপ্ত সামরিক কলোনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল খান বকুল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মৃত্তিকা মোহন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সংকল্প’ কবিতা আবৃত্তি করে। এ সময় নজরুলসংগীত পরিবেশন করেন সুজয় সরকার।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, স্বাধীনতা ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রধান কণ্ঠস্বর। তাঁর সাহিত্য, কবিতা ও সংগীত বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের মধ্যে তাঁর জীবন, কর্ম ও আদর্শ ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নজরুলের সৃষ্টিকর্ম ও আদর্শ চর্চায় আরও বেশি উদ্যোগ নেওয়া প্রয়োজন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া ৯৬ জন প্রতিযোগীর মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।