ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নতরীর ২১ বছরের সাফল্যের উদ্‌যাপন | Daily AjKaler Kontho

ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নতরীর ২১ বছরের সাফল্যের উদ্‌যাপন


মোঃ ইসমাইল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় স্বপ্নতরীর ২১ বছরের সাফল্যের উদ্‌যাপন

সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম (মিথিল)। একই সঙ্গে ‘তৌফিক ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ‘রত্নগর্ভা’ পরিবারকে বিশেষ সম্মাননা প্রদানের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের নিজস্ব কনফারেন্স হলে আয়োজিত সংস্থাটির ২১তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নবগঠিত বরিশল ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় ফজলুর রহমান ভূঁইয়াকে স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. মো. তৌফিকুল ইসলাম (মিথিল) বলেন, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটির এসব উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, সামাজিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি অনুষ্ঠানে সমাজের বিভিন্ন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে সেলাই মেশিন, আর্থিক অনুদান, ফলজ ও বনজ গাছ এবং বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় তিনি ‘তৌফিক ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ‘রত্নগর্ভা’ পরিবারের জন্য বিশেষ সম্মাননা প্রদানের ঘোষণা দেন।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব মফিজ উদ্দীন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক জনাব আব্দুল কাইয়ুম এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এ.এস.এম. শফিকুল্লাহ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ফজলুর রহমান ভূঁইয়া, প্রশাসক, বরিশল ইউনিয়ন পরিষদ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া তাঁর দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মো. এমদাদুল হক, চেয়ারম্যান, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থা।এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মনিরুল ইসলাম চয়ন, উপদেষ্টা, জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া। এইচ এম আবুল বাশার, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি, ব্রাহ্মণবাড়িয়া। মো. লুৎফুল হাই ভূঁইয়া, সভাপতি, তারেক রহমান সাইবার ফোরাম (TRCF), কার্যনির্বাহী কমিটি, ঢাকা। অ্যাডভোকেট আরিফুল কবীর চৌধুরী হীরা, সাবেক ছাত্রদল নেতা। দিদারুল আলম রাজিব, শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জেলা যুবদল, হ্মণবাড়িয়াসহ বিভিন্ন সামাজিক ও বেসরকারি উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধীজন।

অনুষ্ঠানে স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তাহের উদ্দিন ভূঁইয়া স্বাগত বক্তব্যে সংস্থাটির দীর্ঘদিনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যেই স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার পথচলা। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, দারিদ্র্য বিমোচন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরে সংস্থার ২১ বছরের কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক উন্নয়নে ভূমিকা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা প্রদান এবং সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার ২১তম বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানটি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর এস