নারীর অগ্রগতিতেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ; নবীনবরণ অনুষ্ঠানে এমপি রেজু | Daily AjKaler Kontho

নারীর অগ্রগতিতেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ; নবীনবরণ অনুষ্ঠানে এমপি রেজু


মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
নারীর অগ্রগতিতেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ; নবীনবরণ অনুষ্ঠানে এমপি রেজু

নারীরা আজ আর সমাজ বা পরিবারের বোঝা নয় মেধা শ্রম ও একাগ্রতা দিয়ে তারা প্রতিটি ক্ষেত্রে দেশের গৌরব ছড়িয়ে দিচ্ছে। রাণীনগর মহিলা কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু।

নতুনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, শিক্ষা থেকে শুরু করে দেশ পরিচালনাসহ সব অঙ্গনেই এখন নারীদের জয়জয়কার। শিক্ষা, পুলিশ, প্রশাসন, চিকিৎসা, অর্থনীতি, কৃষি, শিল্প এমনকি ক্রীড়াজগতেও নারীরা বিশ্বদরবারে বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে সম্মানিত করছে।

শিক্ষাক্ষেত্রে মেয়েদের অভাবনীয় অর্জনের চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, বর্তমানে দেশে চিকিৎসাবিদ্যায় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ৫৫ শতাংশই ছাত্রী এবং ৪৫ শতাংশ ছাত্র। শুধু মেডিকেলই নয় বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মেয়েরা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে চলেছে। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, তারা যেন মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে এবং পরিবার, এলাকা ও সমগ্র দেশের মুখ উজ্জ্বল করে। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে রাণীনগর মহিলা কলেজের অবকাঠামোগত উন্নয়ন, নতুন ভবন নির্মাণ এবং প্রতিষ্ঠানটি সরকারীকরণের ইতিবাচক প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ডঃ মোঃ আব্দুল মজিদ, সভাপতি, গভর্নিং বডি রাণীনগর মহিলা কলেজ এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন এর সঞ্চালনায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে অনুষ্ঠানকে সানন্দিত ও প্রাণবন্ত করেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু, প্রফেসর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও নয়ন খান লুলু এবং কোষাধ্যক্ষ জিল্লুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুলসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আজকালের কন্ঠ/আর বি