
দিনাজপুরে মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আলহিকমাহ্ স্কুলের এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নাজমা গার্ডেন এন্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মওলানা মো. মোফাজ্জল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদরাসার শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদিউজ্জামাল।
অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়নের পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী ও দায়িত্বশীল করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। তিনি শিক্ষার্থীদের অর্জিত সাফল্যকে কাজে লাগিয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :