বরিশালে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চান বিএমপি কমিশনার | Daily AjKaler Kontho

বরিশালে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চান বিএমপি কমিশনার


জামাল কাড়াল, বিশেষ প্রতিনিধি প্রকাশের সময় : অগাস্ট ৯, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
বরিশালে আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা চান বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্-এর সঙ্গে সংবাদপত্রের সম্পাদক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল মেট্রোপলিটন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময়কালে পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি পুলিশের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক পরামর্শ প্রদানের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত সাংবাদিকরা বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসাধারণের নিরাপত্তা এবং গণমাধ্যমের সঙ্গে পুলিশের সমন্বয় আরও জোরদারের বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি