
ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে নগরীর কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জের নলুয়াপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফুলপুর উপজেলার পয়ারী এলাকার মো. রুবেল মিয়া (২৮), নগরীর কৃষ্টপুর দৌলত মুন্সি রোড এলাকার মো. আরিয়ান রহমান হৃদয় (২৩), কৃষ্টপুর জোড়া পাঁচতলা এলাকার মো. মেহেদী হাসান রিয়াদ (২০) এবং কৃষ্টপুর মালঞ্চ কলোনি এলাকার শাহরিয়ার হোসেন আবির ওরফে আব্দুর রহিম (২৪)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন এবং ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তার চারজনের কাছ থেকে ১৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার (২২ নভেম্বর) জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :