‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে অপু বিশ্বাসের পাল্টা খোঁচা | Daily AjKaler Kontho

‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে অপু বিশ্বাসের পাল্টা খোঁচা


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে অপু বিশ্বাসের পাল্টা খোঁচা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছেন দুই ঢালিউড নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। সম্প্রতি পরীমনির একটি স্ট্যাটাস ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের পর দুই নায়িকার পালটাপালটি অবস্থান বিনোদন জগতে নেটিজেনদের মাঝে জন্ম দেয় নতুন বিতর্কের।

ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে তাকে ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেন পরীমনি। এক পোস্টে অভিনেত্রীকে ‘পরগাছার রানি’ বলেও খোঁচা দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে নানা রকম মন্তব্য করেন এই নায়িকা।

এবার যেন সেই খোঁচার মোক্ষম জবাব দিলেন অপু বিশ্বাস।

কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এমন মন্তব্য ঘিরেই শুরু হয় নেটিজেনদের মাঝে ঝড়।

সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে সামাজিক মাধ্যমে পরীমনি এক পোস্টে বলেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’

পরীমনির খোঁচার জবাবে রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বিশ্বাসের পালটা জবাব, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০ টা সিনেমাই ফ্লপ, ৫ টা আন্ডার প্রোডাকশন সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

অপু আরও বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করিনা। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’

আজকালের কন্ঠ/আর বি