আগৈলঝাড়ায় জাপানের রাষ্ট্রদূতের সফর, নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে তরঙ্গের উদ্যোগ পরিদর্শন | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় জাপানের রাষ্ট্রদূতের সফর, নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে তরঙ্গের উদ্যোগ পরিদর্শন


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
আগৈলঝাড়ায় জাপানের রাষ্ট্রদূতের সফর, নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে তরঙ্গের উদ্যোগ পরিদর্শন

বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ. ই. সাইদা শিনিচি (H.E. Saida Shinichi) সফর করেছেন। রবিবার (১৫ নভেম্বর) সকালে তিনি উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে অবস্থিত তরঙ্গ শান্তি ভবনের কমিউনিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার পরিদর্শন করেন।

এ উপলক্ষে তরঙ্গ শান্তি ভবন চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তরঙ্গের নির্বাহী পরিচালক কোহিনূর বেগম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এইচ. ই. সাইদা শিনিচি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা সুনিতি কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরঙ্গ কদমবাড়ি, আগৈলঝাড়ার ব্যবস্থাপনা পরিচালক শুভ সমাদ্দার।

আলোচনা সভায় বক্তারা বলেন, হস্তশিল্প ও বিভিন্ন পাটজাত পণ্য তৈরির মাধ্যমে স্থানীয় নারীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে তরঙ্গ কাজ করে যাচ্ছে। পাশাপাশি নারীদের শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ ও বিভিন্ন কারিগরি দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভা শেষে জাপানের অর্থায়নে হস্তশিল্প কার্যক্রমের জন্য নির্মিত একটি ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রদূত। পরে তিনি স্থানীয় নারীদের হাতে তৈরি বিভিন্ন হস্তশিল্প ও পাটজাত পণ্যের প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং তাদের উৎপাদিত পণ্য ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

রাষ্ট্রদূতের এ সফরকে স্থানীয় পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এদিকে রাষ্ট্রদূতের সফর উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি