
বরিশালের আগৈলঝাড়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌরভ ফালিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার জোবারপাড় বড়মগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ ফালিয়া বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের সুধীর ফালিয়ার ছেলে। নিহতের মামাতো ভাই রথীন ঘরামী জানান, তিনি আগৈলঝাড়া থানার সামনে অবস্থিত শ্রী গুরু মিষ্টান্ন ভান্ডারে কর্মচারী হিসেবে কাজ করেন। তাঁকে নিয়ে আসার জন্য বানারীপাড়া থেকে মোটরসাইকেলযোগে আগৈলঝাড়ার উদ্দেশে রওনা হন সৌরভ। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি গন্তব্যে না পৌঁছানোয় তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। একপর্যায়ে পুলিশ ফোনটি রিসিভ করে দুর্ঘটনার খবর জানায়। পরে হাসপাতালে গিয়ে সৌরভের মরদেহ শনাক্ত করেন তিনি।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন স্টার পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ চালক বাসের নিচে চলে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি রেখে চালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :