ব্রাহ্মণবাড়িয়ায় এসএসবির অভিযানে ৩০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ | Daily AjKaler Kontho

ব্রাহ্মণবাড়িয়ায় এসএসবির অভিযানে ৩০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১


মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৬:১০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় এসএসবির অভিযানে ৩০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসএসবির) সিপিসি-১, সিলেট। এ সময় নূরুল ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হলেও পালিয়ে গেছে আরও ১৫-১৬ জন।

১১ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়নের রসুলপুর সাকিনস্থ রামপুর টু মনিপুরগামী পাকা রাস্তার পাশে ফসলি জমিতে কিছু মাদক কারবারি মাদকদ্রব্য কেনাবেচার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসএসবির দলটি ১১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ওই স্থানে উপস্থিত হয়।

এসএসবির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ১৫-১৭ জন মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দল ধাওয়া করে টর্চলাইটের আলোতে নূরুল ইসলামকে (৩৮) আটক করে। আটক নূরুল ইসলাম বিজয়নগর উপজেলার পাইকপাড়া এলাকার আবেদ আলীর পুত্র। তবে অন্যান্য সহযোগীরা পাটখড়ির সুতলি দিয়ে বাঁধা বেশ কয়েকটি বান্ডিল ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের ফেলে যাওয়া পাটখড়ির সুতলি দিয়ে বাঁধা ২৫টি বান্ডিলের ভেতর থেকে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক মাদক কারবারি নূরুল ইসলামসহ অজ্ঞাতনামা ১৫-১৬ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসএসবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি