যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত | Daily AjKaler Kontho

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত


বজলুর রহমান প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়েরকৃত মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। প্রাপ্ত তথ্য ও অভিযোগসমূহ যথাযথ যাচাই-বাছাই শেষে দলীয় নীতিমালা ও সাংগঠনিক স্বার্থ বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার্থে এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের প্রাথমিক সদস্যপদ ও দায়িত্ব থেকে শারমিন আক্তার রিতাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। এই আদেশ জারির তারিখ থেকেই কার্যকর হবে এবং এখন থেকে তিনি দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না।

আজকালের কন্ঠ/আর বি