মুন্সীগঞ্জে প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-কাশ্মীরি শাল জব্দ, গ্রেপ্তার ২ | Daily AjKaler Kontho

মুন্সীগঞ্জে প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-কাশ্মীরি শাল জব্দ, গ্রেপ্তার ২


মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
মুন্সীগঞ্জে প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি-কাশ্মীরি শাল জব্দ, গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১১ কোটি টাকার ভারতীয় শাড়ি ও কাশ্মীরি শাল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পণ্য পরিবহনে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন দক্ষিণ মেদিনীমণ্ডল এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

এসআরবি-১০-এর শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

এসআরবির বিশেষ প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, পদ্মা সেতু পার হয়ে মুন্সীগঞ্জের দিকে আসা দুটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ২৬ হাজার ৩৫৩ পিস ভারতীয় শাড়ি ও ২ হাজার ৪৮৭ পিস কাশ্মীরি শাল উদ্ধার করা হয়।

উদ্ধার করা শাড়ির আনুমানিক বাজারমূল্য ১০ কোটি ৫৪ লাখ ১২ হাজার টাকা এবং কাশ্মীরি শালের মূল্য ৩৭ লাখ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মূল্য ১০ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার সাজ্জাদ হোসেন (২৮) এবং কলারোয়া উপজেলার নাজমুল হোসেন (৩২)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা পরস্পর যোগসাজশে ভারতের বেনাপোল থেকে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি, কাশ্মীরি শালসহ বিভিন্ন পণ্য কাভার্ড ভ্যানে করে দেশে নিয়ে আসতেন। পরে দেশের বিভিন্ন স্থানে এসব পণ্য চড়া দামে বিক্রি করতেন বলে এসআরবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআরবি আরও জানায়, উদ্ধার করা পণ্যসহ গ্রেপ্তার দুজনকে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি