আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি | Daily AjKaler Kontho

আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি


মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৬:৩২ অপরাহ্ন
আগৈলঝাড়ায় ইজিবাইকে বোমা বহন, উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করল এসআরবি

বরিশালের আগৈলঝাড়ায় বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উদ্ধারকৃত বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি শক্তিশালী বোমা নিয়ে তালেরবাজার যাচ্ছিল চালক কাওছার। এসময় উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা ইজিবাইকের মধ্যে একটি ব্যাগ দেখে সন্দেহ হলে ইজিবাইক চালক কাওছার খলিফাকে গাড়ী থামাতে বললে সে গাড়ী না থামিয়ে দ্রুত গাড়ী নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। তখন উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় তার গাড়ীর পথরোধ করে ব্যাগের ভিতরে একটি বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক চালক কাওছার খলিফাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গতকাল বুধবার সকালে আইন-শৃখলা বাহিনীর সহায়তায় এসআরবি বোম নিষ্ক্রিয়কারী ৬ জনের একটি দল ঢাকা থেকে এসে ঘটনাস্থল পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে বাইপাস সড়কের পাশে ষ্টোডিয়ামের বালুর মাঠে বোমাটি নিষ্ক্রিয় করে। এঘটনায় আগৈলঝাড়া থানায় গতকাল বুধবার এসআই আলামিন বাদী হয়ে ইজিবাইক চালক দক্ষিন শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে কাওছার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করে ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়, যার নং-৯ (১১-১১-২০২৬)। ওই মামলার আসামী কাওছারকে বুধবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, স্থানীয়রা এক ইজিবাইক চালককে বোমাসহ আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ গিয়ে ইজিবাইক চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বোমাটি বুধবার দুপুরে এসআরবি সদস্যরা নিষ্ক্রিয় করে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি