
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ (৭৯) আর নেই। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে তাঁকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হারুনুর রশিদ ১৯৯৬ সালে উপনির্বাচনে লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে। তিনি ঢাকার ঐতিহ্যবাহী আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি রায়পুর উপজেলার চরপাতা গ্রামের মরহুম মৌজিবুল হকের বড় ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর প্রথম জানাজা ঢাকায় এবং দ্বিতীয় জানাজা বুধবার (১১ নভেম্বর) রায়পুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে জানাজার স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রায়পুরসহ লক্ষ্মীপুরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :